আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে
ওমা আমার প্রাণে বাজায় বাঁশী।
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
ওমা ফাগুণে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়-হায়রে–
ওমা ফাগুণে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে।
ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কী দেখেছি,
আমি কী দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
কী শোভা কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে-কূলে!
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়-হায়রে–
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো।
মা তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন–
ওমা আমি নয়ন জলে ভাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
– রবীন্দ্রনাথ ঠাকুর